ইরান যুদ্ধকবলিত এলাকা থেকে ফিরছেন ১৮৬ বাংলাদেশি

0
বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশিরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধের দাবানলে মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় ১৮৬ জন বাংলাদেশিকে নিয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট। আজ শুক্রবার (২০ মার্চ ২০২৬) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে।

ফ্লাইটটিতে মোট ১৮৬ জন যাত্রী রয়েছেন, যার মধ্যে ১৬৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে। তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উপ-মিশনপ্রধান মোহাম্মদ শাহনূর আলী মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিজেও এই দলের সঙ্গে দেশে ফিরছেন। এর আগে, গত বুধবার তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজারবাইজানে পৌঁছান এবং বৃহস্পতিবার আস্তারা সীমান্তে বাংলাদেশিদের স্বাগত জানান। সেখান থেকে তাঁদের বাসে করে বিমানবন্দরে নিয়ে আসা হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রত্যক্ষ সহায়তায় তেহরানসহ ইরানের বিভিন্ন প্রান্ত থেকে এসব বাংলাদেশিদের নিরাপদে আজারবাইজান সীমান্তে পৌঁছে দেওয়া হয়। রাষ্ট্রদূত আমানুল হক জানান, আটকে পড়া বাকি বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিশেষ এই ফ্লাইটটি মধ্যরাতের পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।