দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

0
দেশবাসীকে ঈদের অফুরান শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশি এবং বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২০ মার্চ ২০২৬) এক বিশেষ বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। লিখিত বার্তায় রাষ্ট্রপতি পবিত্র ঈদের শিক্ষাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মুমিন মুসলমানগণ সব অন্যায় ও পাপাচার হতে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জনের প্রয়াস পান। ঈদের দিনে ধনী-গরিবের ব্যবধান ঘুচিয়ে সবাই এক কাতারে শামিল হওয়ার যে সংস্কৃতি, তা সম্প্রীতি ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে অপরিসীম ভূমিকা রাখে। তিনি আরও উল্লেখ করেন, অনেক ত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে দেশে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার শুভসূচনা ঘটেছে, যেখানে ঈদুল ফিতরের শিক্ষা নতুন উদ্যম যোগাবে।

বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রপতি তাঁর বাণীতে সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, “ঈদের সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে যাক সবার ঘরে ঘরে। মহান আল্লাহ আমাদের মাতৃভূমি, মুসলিম উম্মাহ ও বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি ও কল্যাণ নিশ্চিত করুন।”