ঈদের আনন্দে বাধা হতে পারে কালবৈশাখী; পাঁচ বিভাগে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস

0
বৃষ্টির কবলে পড়তে পারে এবারের ঈদ। ২০ ও ২১ মার্চ কালবৈশাখীর সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস।। এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ম্লান করে দিতে পারে প্রাকৃতিক দুর্যোগ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ বা ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিন রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড় হানা দিতে পারে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এই বিশেষ সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঈদের আগে-পরে আবহাওয়া সার্বিকভাবে ভালো থাকলেও ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাংশে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল বুধবার (১৮ মার্চ) সকালের মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালসহ বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঈদের দিন খোলা মাঠে জামাত আদায়ের ক্ষেত্রে মুসল্লিদের আবহাওয়ার পরিস্থিতির দিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।