যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত; উপচে পড়া ভিড় ও মুসল্লিদের ঢল

0
শোরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সাধারণ মানুষের সঙ্গে নামাজে শামিল হন।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা যশোরে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আজ শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল ৮টায় যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এক মাসের সিয়াম সাধনা শেষে আল্লাহর সন্তুষ্টির আশায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ঈদগাহ ময়দান।

কেন্দ্রীয় ঈদগাহের এই প্রধান জামাতে খুতবা পাঠ করেন যশোর জেলা ইমাম পরিষদের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, রহমত ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

যশোরের এই প্রধান জামাতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর পৌরসভার প্রশাসক, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাধারণ মুসল্লিদের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। প্রশাসনের পক্ষ থেকে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।