কেরানীগঞ্জ বিশেষ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের ঈদ; একসঙ্গে পড়বেন ঈদের নামাজ

0
কেরানীগঞ্জের বিশেষ কারাগারে এবার সাবেক মন্ত্রী-এমপিদের ঈদ। ১২৩ জন ভিআইপি বন্দী একসঙ্গে পড়বেন ঈদের নামাজ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ এক সময় যারা রাজপথ কাঁপিয়েছেন কিংবা রাষ্ট্রের নীতিনির্ধারণী উচ্চপদে আসীন ছিলেন, সেই সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ আমলাদের এবারের ঈদুল ফিতর কাটছে কারাগারের চার দেয়ালের ভেতরে। কেরানীগঞ্জের বিশেষ কারাগারে বন্দী ১২৩ জন ভিআইপি রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক সরকারি কর্মকর্তা এবার একসঙ্গে ঈদের জামাতে অংশ নেবেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন হত্যা মামলার আসামি হিসেবে তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন বা বন্দী অবস্থায় রয়েছেন।

কারা সূত্রমতে, উল্লেখযোগ্য বন্দীদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, হাসানুল হক ইনু ও আসাদুজ্জামান নূরসহ অন্যান্যরা। ঈদ উপলক্ষে এসব বন্দীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নতুন পোশাকের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে পৃথক কক্ষে রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে তাকে জামাতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে।

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, দেশের ৭৫টি কারাগারের প্রায় ৭৮ হাজার ৫০০ বন্দীর জন্য ঈদের বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। মেন্যুতে সকালে সেমাই-পায়েস, দুপুরে পোলাও, গরুর রেজালা, রোস্ট ও মিষ্টি এবং রাতে রুই মাছ ও আলুর দম থাকছে। এছাড়া ঈদের দিন বন্দীরা স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলা ও সরাসরি সাক্ষাতের সুযোগ পাবেন। বিনোদনের জন্য থাকছে বন্দীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ।