মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। আহত উজ্জ্বল হোসেন উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের বাসিন্দা তোতা মিয়ার ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবির শ্যামকুড় বিজিবি ক্যাম্পের মেইন পিলার ৬০/৪-৫ এর প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী নামক স্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, উজ্জ্বল হোসেন বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্ত ফটিককারী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে ১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিজিবি ও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।