যশোরের আলোচিত চরমপন্থী নেতা গোফরান সহযোগিসহ আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা আলোচিত চরমপন্থী নেতা নাসির শেখ গোফরান অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে। যশোরের অভয়নগরসহ আশপাশের জেলাগুলোতে আতঙ্কের আরেক নাম হয়ে ওঠা এই গোফরানকে তার সহযোগী সোহেল রানাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানিয়েছে, গোফরান ‘বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র নেতা পরিচয়ে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলে যশোর, খুলনা ও নড়াইলজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির রাজত্ব চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে অস্ত্র, হত্যা ও চাঁদাবাজিসহ ২০টিরও বেশি মামলা।

সোমবার দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১ মার্চ গভীর রাতে অভয়নগরের গোপিনাথপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে গোফরান বাহিনী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নগদ ২০ হাজার টাকা, মোটরসাইকেল, ল্যাপটপ ও মোবাইল ফোন লুট করে নেয়। এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে চক্রটি এবং শুরু হয় তাদের ধরতে ব্যাপক অভিযান।

ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে শনিবার খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রাম থেকে তাদের আটক করে।