জামিনের জন্য কোটি টাকা চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

0
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক জরুরি ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, এই গুরুতর অভিযোগের বিষয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করা হবে। এর আগে সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

অভিযোগ উঠেছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর জামিন নিশ্চিত করতে তাঁর পরিবারের কাছে ১ কোটি টাকা দাবি করেছিলেন সাইমুম রেজা। ফাঁস হওয়া একাধিক অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।

গত সোমবার আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইমুম রেজাকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তিনি ২০২৪ সালের ৭ অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, “সংবাদটি দেখে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। আজ সকালেই সব প্রসিকিউটরকে নিয়ে বসেছিলাম বিষয়টি বিস্তারিত জানার জন্য। অভিযুক্ত ব্যক্তি দুই-তিন দিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

তবে ট্রাইব্যুনালের স্বচ্ছতা বজায় রাখতে আমরা এই ঘটনার অভ্যন্তরীণ তদন্ত নিশ্চিত করব।” উল্লেখ্য, এর আগে তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযোগের বিষয়টি জানলেও সাইমুমকে কেবল মামলা থেকে সরিয়েছিলেন, কিন্তু কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করেননি।