জুডো প্রতিযোগিতায় রৌপ্য ও তাম্র পেল যশোর

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার॥ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বয়সভিত্তিক (১৪-২১) জুডো প্রতিযোগিতা-২০২৬ -র সমাপনী অনুষ্ঠান রোববার রাজধানীর পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ জুডোকারা অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখেন।

সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দা জান্নাত আরা।

প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাবসহ মোট ১৫টি দলের ১১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। কোচ ও কর্মকর্তাসহ মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১৪৪ জন। ছেলে ও মেয়েদের জন্যে মোট ১৪টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় যশোর জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া শিকদার ইলা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে রৌপ্য পদক জয় করে জেলার মুখ উজ্জ্বল করেছেন। তার প্রতিটি ম্যাচে আত্মবিশ্বাস, কৌশল ও লড়াকু মনোভাব দর্শকদের মুগ্ধ করে। একইসঙ্গে ফারিয়া আক্তার রিনা তাম্র পদক জয় করে যশোরের সাফল্যের ধারাকে আরও বেগবান করেন।

যশোর দলের টিম ম্যানেজার রাইয়ান রশিদ আবিরের দক্ষ ব্যবস্থাপনা ও দিকনির্দেশনায় দলটি প্রতিযোগিতায় অংশ নেয় ও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়।

দলের সঙ্গে সংশ্লিষ্ট সৈয়দ আলী আনোয়ার বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি যশোরের গর্ব। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আমাদের খেলোয়াড়রা যে পারফরম্যান্স দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে তারা আরও বড় সাফল্য এনে দেবেন বলে আমরা আশাবাদী।