পিতা-মাতার উন্নয়ন ধারায় পুত্রের ‘গতির ছোঁয়া’, তারেক রহমানের যশোর সফর ঘিরে ভিন্ন আবহ

পিতা-মাতার উন্নয়ন ধারায় পুত্রের ছোঁয়া, যশোরে তারেক রহমান

0

শিকদার খালিদ, লোকসমাজ : যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সৃষ্টি হয়েছে ভিন্নধর্মী এক আবেগঘন পরিবেশ। স্থানীয়দের মতে, অতীতে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুরু করা উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এবার নতুন গতি যুক্ত হতে যাচ্ছে।

তাঁর সহযাত্রী সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোরের মানুষ এমন স্মৃতিচারণ করছেন গত কয়েক দিন ধরে।

Jashore-Prime-Ministers-arrival
রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে শহর সাজানো হয়েছে- লোকসমাজ

বাংলাদেশে কৃষি উন্নয়নের অন্যতম মাইলফলক ছিল খাল খনন কর্মসূচি, যার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় পাঁচ দশক আগে। অন্যদিকে, জেলা পর্যায়ে চিকিৎসা সেবার প্রসারে যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খালেদা জিয়া ২০০৬ সালে। এই দুই উদ্যোগই যশোরের উন্নয়ন ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
আগামীকাল ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো যশোর সফরে আসছেন তারেক রহমান। সফরকালে তিনি উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন- যে খালকে কেন্দ্র করেই একসময় জাতীয় খাল খনন কর্মসূচির সূচনা হয়েছিল। পাশাপাশি যশোরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে।

Jashore-Prime-Ministers-arrivalসফরসূচি অনুযায়ী, তিনি যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন এবং পরে যশোর ঈদগাহ ময়দানে এক জনসভায় অংশ নেবেন। এছাড়া দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।
যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রীর এই সফর খুলনা বিভাগে তার প্রথম সরকারি সফর। “আমরা গর্বিত যে এই সফর যশোর থেকে শুরু হচ্ছে,”-যোগ করেন তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “প্রয়াত নেতাদের অসমাপ্ত কাজ এখন তাদের উত্তরসূরিরা এগিয়ে নিচ্ছেন। এটি আমাদের জন্য এক বিশেষ অনুভূতি।” একই সুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এই সফর গুরুত্বপূর্ণ।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, উলাশী খাল ও যশোর মেডিকেল কলেজ—দুটি উদ্যোগই বিএনপি সরকারের উন্নয়ন দর্শনের প্রতীক, যার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এদিকে জেলা প্রশাসক আশেক হাসান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব, আনসার, ভিডিপি ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন।
তিনি আরও জানান, সফর নির্বিঘ্ন করতে সড়কের পাশের অবৈধ স্থাপনা অপসারণ এবং প্রয়োজনীয় সংস্কার কাজ চলমান রয়েছে।