কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের শিকার, জড়িত একাধিক ব্যক্তি: র‍্যাব

0
৪১তম বিসিএস কর্মকর্তা বুলেট বৈরাগী, যার রহস্যজনক মৃত্যুর জট খুলেছে র‍্যাব।। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে ৪১তম বিসিএস (নন-ক্যাডার) কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে র‍্যাব। এই ঘটনায় জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে র‍্যাবের বিশেষ অভিযান চলমান রয়েছে।

র‍্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানিয়েছেন, তদন্ত ও অপরাধীদের সতর্ক হওয়ার আশঙ্কায় এখনই আসামিদের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না। তবে তিনি নিশ্চিত করেছেন যে, হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি সরাসরি জড়িত ছিল। এর আগে গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকার আইরিশ হিল হোটেলের পাশ থেকে ওই কাস্টমস কর্মকর্তার মুখমন্ডলে আঘাতের চিহ্নযুক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। ৪৪তম বনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে ১ এপ্রিল চট্টগ্রামে গিয়েছিলেন তিনি। প্রশিক্ষণ শেষে গত শুক্রবার রাতে তিনি কুমিল্লার বাসার উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে কুমিল্লার কাছাকাছি পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর একাধিকবার কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তাঁর আর বাসায় ফেরা হয়নি।

এই ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। র‍্যাব জানিয়েছে, আগামীকাল সোমবার সকালে কুমিল্লা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিস্তারিত মোটিভ ও গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করা হবে।