শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে বর্তমান কূটনৈতিক পরিস্থিতি তুলে ধরছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আলোচিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামিদের ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম ওরফে মাসুদ এবং তার সহযোগী যুবলীগ কর্মী আলমগীর হোসেন। গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে দেশটির পুলিশ। সোমবার (৯ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গ্রেপ্তারকৃতদের বিষয়ে পর্যাপ্ত তথ্য এবং কনস্যুলার এক্সেস (সুবিধা) চেয়ে এরই মধ্যে রোববার ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে কলকাতা মিশন। দ্রুতই এই সুবিধা পাওয়া যাবে বলে আশা করছে মন্ত্রণালয়। তিনি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়াও সমানতালে চলমান রয়েছে।

উল্লেখ্য, গত বছর ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে ওসামন হাদিকে মাথায় গুলি করে হত্যা করা হয়। চিকিৎসারত অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। তদন্তে উঠে আসে, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর পরিকল্পনায় ফয়সাল ও আলমগীর এই হত্যাকাণ্ড ঘটিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আবারও বাংলাদেশে ঢোকার সুযোগ খুঁজছিল। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে।