অন্যের টাকা নিয়ে নিজের নামে জমি বাড়ি করার অভিযোগে আদালতে মামলা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আড়াই বিঘা জমি ক্রয় করে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে এক দম্পতির কাছ থেকে ২৫ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে দুই নারীসহ ৩ জনের বিরুদ্ধে। ওই টাকা নিয়ে তারা নিজেদের নামে জমি ক্রয়সহ বাড়ি নির্মাণ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় রোববার আমলী আদালতে মামলা করেছেন হাসানুর রহমান নামে এক ব্যক্তি। তিনি চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত আতর আলী খাঁ’র ছেলে। জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে ইমা খাতুন ও হীরা খাতুন এবং হীরা খাতুনের স্বামী আনিছুর রহমান।

বাদি হাসানুর রহমানের ভাগ্নি তহমিনা ও তার স্বামী চৌগাছা উপজেলার গোবিলা গ্রামের বাসিন্দা নুর আলীর সাথে অভিযুক্ত ৩ জনেরই আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

হাসানুর রহমানের অভিযোগ, ইমা খাতুন, হীরা খাতুন ও আনিছুর রহমান তাদেরকে জানান, ২৫ লাখ টাকা দিলে তারা নুর আলী ও তহমিনাকে আড়াই বিঘা জমি ক্রয় করে দিবেন। তাদের এ কথায় বিশ্বাস করে নুর আলী ও তহমিনা ২০২৪ সালের ২০ নভেম্বর থেকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৫ লাখ টাকা প্রদান করেন।

কিন্তু অভিযুক্ত ইমা খাতুন, হীরা খাতুন ও আনিছুর রহমান তার ভাগ্নি ও ভাগ্নি জামাইয়ের জমি ক্রয় করে না দিয়ে ওই টাকায় নিজেদের বাড়ি নির্মাণ ও জমি ক্রয় করেন। বিষয়টি জানতে পেরে নুর আলী গত ২৪ এপ্রিল শালিস বৈঠকের আয়োজন করেন। এ সময় অভিযুক্তরা টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেন।