পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, জয়-পরাজয় মেনে নেবেন: সিইসি

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ফল যাই হোক, তা মেনে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন সিইসি। তাঁর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে একযোগে সম্প্রচারিত হয়।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদদের। আরও স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচনে ভোটদান কেবল নাগরিক অধিকারই নয়, বরং এটি একটি দায়িত্ব। তিনি আশা প্রকাশ করে বলেন, সবাই সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন।

সিইসি রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষায় সবাই দায়িত্বশীল ও সচেতন হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন।

যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে সিইসি বলেন, আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠপর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন।

শেষে তিনি বলেন, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব-এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

দেশের ২৯৯টি আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত থাকায় পরবর্তীতে এ আসনের ভোট হবে।