যশোরে একাডেমি ফুটবলের সেমিফাইনালে উপশহর

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর একাডেমি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলায় জয় পেয়েছে উপশহর ফুটবল একাডেমি। সোমবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা শার্শা ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে। এই জয়ের মধ্য দিয়ে উপশহর ফুটবল একাডেমি সেমিফাইনাল নিশ্চিত করে।
দুই দলের আক্রামণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শুরু হলেও খেলার ১৭ মিনিটে কুদ্দুসের দেওয়া গোলে ১-০ লিড নেয় উপশহর ফুটবল একাডেমি। প্রথমার্ধের ১-০ গোলে এগিয়ে থাকা উপশহর ফুটবল একাডেমির দেলোয়ার দ্বিতীয়ার্ধের খেলার ৩২ মিনিটে একটি গোল করে দলের গোল ব্যবধান দ্বিগুণ করেন। অন্যদিকে ২-০ গোলের পিছিয়ে থাকা শার্শা ফুটবল একাডেমি গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। এরপর খেলার ৪০ মিনিটে শার্শা ফুটবল একাডেমির রাকিব গোল করে দলের গোল ব্যবধান কমান। খেলার বাদ বাকি সময় ২-১ গোলে পিছিয়ে থাকা শার্শা ফুটবল একাডেমি গোল পরিশোধের মাধ্যমে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে খেলতে থাকলেও গোল করতে ব্যর্থ হয়। ফলে উপশহর ফুটবল একাডেমি ২-১ গোলের জয়ের পাশাপাশি সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে।