লোকসমাজ ডেস্ক॥ বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। তিনি চলে গেলে লা লিগার আকর্ষণ যে কমে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের দ্বৈরথও অনেকটা রঙ হারাবে। সে কারণেই মাদ্রিদের ক্লাবটির অধিনায়ক সের্হিয়ো রামোস চান মেসি বার্সেলোনাতেই যেন থেকে যান। যদিও রিয়াল ক্যাম্প থেকে ভিন্ন আওয়াজও কিন্তু আছে। মেসি চলে গেলে এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে খেলা সহজ হবে, এটা চিন্তা করে মিডফিল্ডার টনি ক্রুস চাইছেন, ‘মেসি চলে যাক’। মেসি বার্সেলোনা ছাড়তে চাইলেও কাতালান ক্লাবটি আর তা হতে দিতে চাইবে। গত সপ্তাহে বুরোফ্যাক্সের মাধ্যেমে সিদ্ধান্ত জানানোর পর আর্জেন্টাইন তারকার বাবার সঙ্গে বৈঠকে বসেছিলেন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। যদিও কোনও সুরহা হয়নি। এই অবস্থায় মেসির ন্যু ক্যাম্প ছাড়ার সম্ভাবনার পালেই হাওয়া লাগছে বেশি।
যদিও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের অধিনায়ক রামোস লা লিগার জন্য মেসিকে ন্যু ক্যাম্পেই দেখতে চান। স্প্যানিশ ডিফেন্ডার বলেছেন, ‘বিষয়টার দিকে আমাদের নজর দেওয়ার কিছু নেই। তবে একটা খেলোয়াড়ের অবশ্যই তার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। স্প্যানিশ ফুটবলের কথা চিন্তা করলে, বার্সেলোনা কথা ভাবলে, আমাদের সবারই চাওয়া সে (মেসি) থাকুক (বার্সেলোনায়)। আমরা সবসময়ই সেরাদের আশেপাশে চাই।’ রামোসের ক্লাব সতীর্থ ক্রুসও লা লিগার কথা ভাবছেন। তবে দলীয় খেলার কথা চিন্তা করে মেসির চলে যাওয়ার পক্ষেই তিনি। এল ক্লাসিকোতে মেসি কত বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সেটা খুব ভালো করে জানা এই জার্মান তারকা। সে কারণেই তিনি বলছেন, ‘মেসি এমন এক খেলোয়াড় যাকে সব দলই পেতে চাইবে। (তার চলে যাওয়াটা) লা লিগার জন্য খারাপ, বিশেষ করে বার্সেলোনার জন্য। তবে আমার কাছে, রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে মতটা অবশ্যই আলাদা।’ সঙ্গে ক্রুস এটাও মানছেন, ‘এর অর্থ এই নয় যে, মেসি না থাকলে রিয়াল মাদ্রিদ সবকিছু জিতে যাবে।’





