নির্বাচন কমিশন আলোচনার সুযোগ না দিয়ে তফসিল ঘোষণা করেছে : যশোরে বাসদের সমাবেশ নেতৃবৃন্দ

0

 

স্টাফ রিপোর্টার ॥ শনিবার যশোরে বাসদের আয়োজনে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি ও পথসভার আয়োজন করা হয়। বিকেল ৪টায় যশোর শহরের দড়াটানা ভৈবর চত্ত্বরে অনুষ্ঠিত পথসভায় নেতৃবৃন্দ বলেন, পুঁজিবাদ, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এ দেশের মানুষ যখন গণতান্ত্রিক আন্দোলন করছে, সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করছে তখন আলাপ-আলোচনার পথ স্বাভাবিকভাবেই ফিরে আসে। অথচ শেখ হাসিনার আজ্ঞাবাহী নির্বাচন কমিশন আলাপ-আলোচনার সুযোগ না দিয়েই তফসিল ঘোষণা করেছে। এতে পূর্বে যেভাবে ভোট করে সরকার ক্ষমতায় এসেছিল, এবারও একইভাবে ক্ষমতায় থাকবে শেখ হাসিনার সরকার। বক্তারা গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার ও ২৩ হাজার টাকা শ্রমিকদের ন্যূনতম মজুরি দাবি করেন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান।
বাসদ যশোর জেলা শাখার আহ্বায়ক শাহাজান আলী পথসভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, বাসদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জনার্দ্দন দত্ত নান্টু, চৌগাছা থানা বাসদের সদস্য সচিব আব্দুল মালেক, রিপন গাজী ও ছাত্রনেতা উজ্জ্বল বিশ্বাস। সভা পরিচালনা করেন, বাসদ নেতা মাস্টার আলাউদ্দিন।
এর আগে সকালে যশোর ইন্সটিটিউট চত্বর থেকে লাল পতাকার র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।