‘আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে’, বিমানবন্দরে মদ উদ্ধারের খবরে মুখ খুললেন মেহজাবীন

0
“আমাকে টার্গেট করা হচ্ছে”—বিমানবন্দরের পুরনো অভিযোগ ফের মাথাচাড়া দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মেহজাবীন।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ গত বছরের একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে ফেরার সময় তাঁর লাগেজে মদ পাওয়ার অভিযোগে প্রকাশিত কয়েকটি সংবাদের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহজাবীন দাবি করেন, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার টার্গেট করা হচ্ছে।

প্রকাশিত সংবাদের তথ্যমতে, গত বছরের আগস্টে স্বামী আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্তসহ বিদেশ থেকে ফেরার পথে মেহজাবীনের লাগেজে ১৪ বোতল মদ পাওয়ার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কয়েক মাস পর বিষয়টি গণমাধ্যমে আসায় ক্ষোভ প্রকাশ করে মেহজাবীন লেখেন, “কিছুদিন ধরে আমি লক্ষ করছি, আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। একটি মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর যখন কাজে ফিরছি, ঠিক তখনই আবার মানহানির চেষ্টা চলছে।” পোস্টে তিনি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে নারী শিল্পীদের ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং সবাইকে পাশে থাকার আহ্বান জানান।