আদাবরে এমব্রয়ডারি কারখানায় ‘কালা রাসেল’ বাহিনীর তাণ্ডব; মূলহোতাসহ গ্রেপ্তার ৫

0
ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাণ্ডব; আদাবরে কালা রাসেল বাহিনীর ৫ সদস্য কারাগারে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর আদাবরে ছিনতাই ও চাঁদাবাজির উদ্দেশ্যে একটি এমব্রয়ডারি কারখানায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মুনসুরাবাদ হাউজিং এলাকায় সংগঠিত এই হামলায় দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা মধ্যরাতে আদাবর থানা ঘেরাও করলে পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত কিশোর গ্যাং নেতা রোহান খাঁন রাসেল ওরফে কালা রাসেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, আবির এমব্রয়ডারি কারখানার শ্রমিকরা বেতন নিয়ে বের হওয়ার সময় কালা রাসেলের নেতৃত্বাধীন ৮-১০ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। শ্রমিকরা কারখানার ভেতরে আশ্রয় নিলে সন্ত্রাসীরা সেখানে ঢুকে তোফায়েল ও হাফিজ নামের দুই শ্রমিককে কুপিয়ে জখম করে এবং টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কারখানার মালিক মোস্তাফিজুর রহমান জানান, গত ৫ আগস্টের পর থেকেই এই চক্রটি চাঁদা দাবি করে আসছিল। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গ্রেপ্তার পাঁচজনকে হত্যাচেষ্টা মামলায় রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে অপরাধী চক্রগুলো আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে সাঁড়াশি অভিযানের নিশ্চয়তা দেওয়া হয়েছে।