সেনাবাহিনীতে বড় রদবদল: সিজিএস পদে মাইনুর রহমান, পিএসও হলেন মুশফিকুর রহমান

0
লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে সেনা সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ এবং মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। পেশাগত দক্ষতা ও প্রশাসনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আদেশ অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) থেকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করা হয়েছে।

অন্যদিকে, বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া ৫৫ পদাতিক ডিভিশন ও ইবিআরসিতেও নতুন কমান্ড্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক পদেও রদবদল আসছে বলে জানা গেছে; যেখানে বর্তমান ডিজি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিবর্তে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নতুন মহাপরিচালক করার প্রক্রিয়া চলছে।