বাংলাদেশের সঙ্গে ‘জনগণকেন্দ্রিক’ সহযোগিতা জোরদারে আগ্রহী ভারত; পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ

0
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পারস্পরিক স্বার্থ ও সুফলের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যমুখী মনোভাব নিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। সব ক্ষেত্রে বিশেষ করে ‘জনগণকেন্দ্রিক’ সহযোগিতা জোরদারের লক্ষে দুই দেশ একযোগে এগিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। প্রণয় ভার্মা জানান, বাংলাদেশের নতুন সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তিনি উল্লেখ করেন, গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে।

এছাড়া ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকারের অংশগ্রহণ দুই দেশের ঐতিহাসিক সম্পর্কেরই বহিঃপ্রকাশ। বৈঠকে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ভারত। হাইকমিশনার আশা প্রকাশ করেন, ঐতিহাসিক সম্পর্কের ভিত্তির ওপর দাঁড়িয়ে আগামীতে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।