স্থানীয় সরকার নির্বাচনেও লড়বে এনসিপি; ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী

0
৩০ আসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকারে বড় চমক দিতে চায় এনসিপি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে ছয়টি আসনে জয়লাভের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে নজর দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিশেষ করে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে যে ৩০টি আসনে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই এলাকাগুলোতে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে চায় তারা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রার্থী দেওয়ার প্রাথমিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে উদীয়মান এই রাজনৈতিক শক্তিটি।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে সংসদ নির্বাচনে অংশ নেওয়া এই তরুণ নেতাকে ঘিরেই এখন মহানগরের রাজনীতিতে নতুন সমীকরণ ডালপালা মেলছে। যদিও দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন জানিয়েছেন, আপাতত ৩০টি সংসদীয় আসনে দলকে শক্তিশালী করার কাজ চলছে এবং স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করেই দেশজুড়ে নানা কর্মসূচি চালানো হবে। দেশের ১২টি সিটি কর্পোরেশন বর্তমানে প্রশাসকের অধীনে থাকায় এবং নির্বাচন কমিশনকে সরকারের চিঠি দেওয়ার প্রেক্ষিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে এনসিপি ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।