ক্রিকেটে নিষিদ্ধ মঞ্জুরুল; নারী ক্রিকেটার জাহানারার করা যৌন হয়রানির অভিযোগে বিসিবির কঠোর ব্যবস্থা

0
যৌন হয়রানির অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল; বিসিবির কোনো কার্যক্রমে থাকতে পারবেন না আর।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ অস্ট্রেলিয়াপ্রবাসী নারী ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগে বড় শাস্তির মুখে পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম। দেশের ক্রিকেটের কোনো কর্মকাণ্ডে তাঁকে আর কখনো সম্পৃক্ত না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিসিবির এক ভার্চ্যুয়াল বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিসিবি সূত্র জানায়, জাহানারার করা চারটি সুনির্দিষ্ট অভিযোগের তদন্তে দুটির সত্যতা পেয়েছে বোর্ড গঠিত স্বাধীন তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্জুরুলের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী তা হয়রানির সংজ্ঞায় পড়ে। যদিও মঞ্জুরুল বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) কর্মরত এবং গত জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে নেই, তবে এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে বিসিবির কোনো স্তরেই তাঁর ফেরার পথ বন্ধ হয়ে গেল। উল্লেখ্য, জাহানারার অভিযোগে নারী উইংয়ের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের নাম থাকলেও তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি কমিটি।