ঝিনাইদহে অস্ত্র মামলায় দুই ব্যক্তির ১৭ বছর করে কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহে অস্ত্র আইনে শাহজালাল বিশ্বাস ও আশরাফুল জামাল ইমরোজ নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজিমুদ্দৌলা। বুধবার বিকেলে এই রায় ঘোষণা করা হয়। দণ্ডিত ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার কানুহরপুর গ্রামের মঙ্গল বিশ্বাসের ছেলে শাহজালাল বিশ্বাস ও একই উপজেলার চান্দেরপোল গ্রামের আলাউদ্দীনের ছেলে আশরাফুল জামাল ইমরোজ। রায় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। এ সময় র‌্যাব শাহজালাল বিশ্বাস ও আশরাফুল জামাল ইমরোজকে দুটি নাইন এমএম পিস্তল ও গুলিসহ আটক করে। মামলার তদন্ত শেষে ঝিনাইদহ সদর থানার এসআই শাহরিয়ার হাসান একই বছরের ২ অক্টোবর আদারতে চার্জশিট দাখিল করেন। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে প্রত্যেককে ১৭ বছর করে কারাদণ্ড দেন। আসামি পক্ষে অ্যাডভোকেট মোক্তার হোসেন ও সরকার পক্ষে অ্যাডভোকেট ইসমাইল হোসেন বাদশাহ মামলা পরিচালনা করেন।