চুড়ান্ত মনোনীত সংরক্ষিত এমপি সাবিরা সুলতানাকে ঝিকরগাছায় ফুলেল শুভেচ্ছা

0
সংরক্ষিত নারী আসনে এমপি মনোনীত হওয়ার পর ঝিকরগাছায় সাবিরা সুলতানা মুন্নীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ।

যশোর থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে সাবিরা সুলতানা মুন্নী চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কেন্দ্রীয় বিএনপির এই সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি তার নিজস্ব কার্যালয়ে পৌঁছালে নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

মনোনয়নপ্রাপ্তির পর প্রথমবার নিজ এলাকায় আসায় ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা সাবিরা সুলতানাকে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ইউনুচ আলী দফাদার, চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম এবং পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন।

এ ছাড়া বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামছুর রহমানসহ হাজিরবাগ, শংকরপুর, গঙ্গানন্দপুর, শিমুলিয়া, নাভারন, গদখালী ও নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ তাকে আলাদাভাবে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূল থেকে উঠে আসা সাবেক এই উপজেলা চেয়ারম্যান সংরক্ষিত আসনে এমপি মনোনীত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।