বাগেরহাটে আদালতে প্রক্সি দিতে এসে কারাগারে

0

 

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় মারধরের মামলায় মূল আসামির পরিবর্তে (প্রক্সি) আদালতে জামিন নিতে এসে কারাগারে গেলেন আল আমিন তালুকদার নামের এক গার্মেন্টস ব্যবসায়ী। মঙ্গলবার (১৮ এপ্রিল)  দুপুরে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজেকে মূল আসামি প্রবাসী ফরিদ উদ্দিন মানিক দাবি করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন ব্যবসায়ী আল আমিন তালুকদার। আদালতের বিচারক ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ জামিন না মঞ্জুর করে আল আমিন তালুকদারকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
প্রক্সি দিতে আসা আল আমিন তালুকদার শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকার সুলতান তালুকদারের ছেলে। রায়েন্দা বাজার এলাকায় তার গার্মেন্টসের দোকান রয়েছে।
মামলার মূল আসামি উপজেলার পশ্চিম খাদা গ্রামের মৃত আব্দুস ছালাম শেখের ছেলে ফরিদ উদ্দিন মানিক বর্তমানে সৌদি আরব রয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অনিমা দেবনাথ বলেন, এক আসামির স্থানে অন্য আসামি আদালতে হাজির হওয়া ও জামিন নেয়ার চেষ্টা আইনগতভাবে অনেক বড় অন্যায়। বাদীর মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। ঈদের ছুটির কারণে আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। কার্যক্রম স্বাভাবিক হলে বিষয়টি আদালতকে অবহিত করা হবে বলে জানান এই আইনজীবী।
এদিকে বিষয়টি জানাজানি হলে, যাচাই-বাচাই করে কারাগার কর্তৃপক্ষও বিষয়টির সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা কারাগারের সুপার এ এস এম কামরুল হুদা। তিনি বলেন, বিষয়টি আদালতকে অবহিত করা হবে।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন মনিরুজ্জামান। তবে মনিরুজ্জামানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি আইনজীবী থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, আদালতের দায়িত্বপাপ্ত পুলিশ কর্মকর্তার মাধ্যমে আমরা বিয়য়টি অবগত হয়েছি।