তনু হত্যা মামলা: গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

0
তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ; শুরু হয়েছে মেলানোর প্রক্রিয়া।। ছবি: সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় এক যুগান্তকারী মোড় এসেছে। দীর্ঘ আট বছর পর এই প্রথম মামলার কোনো সন্দেহভাজন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তার হওয়া সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুরকে আটকের পর বুধবার কুমিল্লা আদালতে তোলা হয়। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাফিজুর তনুর হত্যাকাণ্ডের সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন এবং ২০২৩ সালে অবসরে যান।

২০১৬ সালের ২০ মার্চ সেনানিবাসের অভ্যন্তরে তনুর লাশ উদ্ধার করা হয়। ২০১৭ সালে সিআইডি তনুর পোশাক থেকে তিনজন পুরুষের ডিএনএ নমুনা পাওয়ার কথা জানালেও এতদিন কারও প্রোফাইলের সঙ্গে তা মেলানো হয়নি। সম্প্রতি পিবিআই তদন্তের দায়িত্ব পাওয়ার পর হাফিজুরসহ সাবেক আরও দুই সেনাসদস্য—সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহীন আলমের ডিএনএ নমুনা মেলানোর আবেদন করলে আদালত তাতে সম্মতি দেন। সিআইডির ফরেনসিক ল্যাবে এরই মধ্যে হাফিজুরের নমুনা মেলানোর কাজ শুরু হয়েছে, যার ফলাফল পেতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।