জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

0
নির্বাচন নিয়ে জামায়াত আমিরের মন্তব্য অনভিপ্রেত ও সুস্থ চিন্তার পরিপন্থী; নয়াপল্টনে বিএনপি মহাসচিব।। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না—সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের অতীত ইতিহাস দেশবাসী জানে এবং সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে আমাদের কাজ করতে হবে।” জামায়াত আমীরের এই বক্তব্যকে বিভেদ ও ধুম্রজাল তৈরির অপপ্রচেষ্টা বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব উল্লেখ করেন যে, দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষক মহলে প্রশংসিত এই নির্বাচনে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ আগস্টের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, একটি বিশেষ পক্ষ বিভ্রান্তি ছড়িয়ে তা নষ্ট করতে চাইছে।