হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, চট্টগ্রামে প্রাণহানি সবচেয়ে বেশি

0
দেশে হাম আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়াল।। ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সারা দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ২০৯ জন শিশুর মৃত্যু হলো। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া শিশুর সংখ্যা ৪২।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে ৫ জন শিশু মারা গেছে। এছাড়া ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩০ হাজার ৬০৭ জন শিশুর শরীরে এই উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৪ হাজার ৪৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৭৫ জন শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ হাজার ৮১ জন। ক্রমবর্ধমান এই সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকাদানের ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।