মার্কিন প্রতিনিধি দল পৌঁছার আগেই ইসলামাবাদ ছাড়ল ইরানের প্রতিনিধি দল

0
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে করমর্দন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ শনিবার ইসলামাবাদে বৈঠক করে ইরানের প্রতিনিধিদল ।। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক শেষে ইসলামাবাদ ছেড়েছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন এই দলটি আজ শনিবার মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছার আগেই দেশত্যাগ করেন।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষে একটি আনুষ্ঠানিক দাবির তালিকা পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেছেন আরাগচি। পাকিস্তান সফর শেষে এই প্রতিনিধি দলটির ওমান ও রাশিয়া সফরের কথা রয়েছে।

অন্যদিকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আজ শনিবারই যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে। এই দলে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকভ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের থাকার কথা রয়েছে। মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর ঠিক আগমুহূর্তে ইরানের এই কূটনৈতিক সফর ও দাবিনামা হস্তান্তর মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।