উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হকার পুনর্বাসন ও যানজট নিরসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী।। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত ও সুশৃঙ্খল পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানসমূহকে সমন্বয় করে বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের কার্যক্রম একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে থাকে। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এবং দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েক শতাধিক অবৈধ দোকান সরিয়ে নেওয়া হয়েছিল।

হকার পুনর্বাসনের পাশাপাশি ঢাকার যানজট নিরসনেও কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কের বিশৃঙ্খলা কমাতে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের পরামর্শ দেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, রাজউক চেয়ারম্যান, দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।