হাসপাতালের ময়লার স্তূপে নবজাতকের মরদেহ

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের সামনের ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করে জরুরি বিভাগের কর্তব্যরত স্বেচ্ছাসেবীরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, বিকেল সোয়া ৪টার দিকে জানতে পারি পলিথিনে মোড়ানো একটি নবজাতক নতুন ভবনের সামনে ময়লার মধ্যে পড়ে আছে। নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মনে হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পরপরই কেউ সেখানে ফেলে রেখে গেছে।
তিনি আরও বলেন,ধারণা করা হচ্ছে পরিপূর্ণ বয়সেই নবজাতকটি ভূমিষ্ঠ হয়েছে। ময়নাতদন্তের পর ডিএনএ পরীক্ষার জন্যে নবজাতকের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।