দুই দিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ

0
গত মঙ্গলবার ও বুধবার দেশজুড়ে কোনো লোডশেডিং হয়নি বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ।। ছবি: সংগৃহীত

দেশে বিদ্যুৎ ঘাটতি না থাকায় গত মঙ্গলবার (২৮ এপ্রিল) এবং বুধবার (২৯ এপ্রিল) টানা দুই দিন কোথাও লোডশেডিং হয়নি বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বার্তার মাধ্যমে বিভাগটি এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আশ্বাস দিয়েছিলেন যে, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে। বর্তমান পরিস্থিতি মন্ত্রীর সেই আশ্বাসের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি ব্যাহত হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে সংকটের সৃষ্টি হয়েছিল। গত ২৩ এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানিয়েছিলেন, চাহিদামতো উৎপাদন সম্ভব না হওয়ায় গ্রাম ও শহরের লোডশেডিংয়ে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকি ঢাকাতেও পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট করে লোডশেডিং করার কথা জানিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংসদে তিনি বলেছিলেন, লোডশেডিংয়ের ক্ষেত্রে বৈষম্য দূর করতে প্রয়োজনে শহরেও বিদ্যুৎ সাশ্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সর্বশেষ তথ্যানুযায়ী, গত দুই দিনে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।