যশোরে লিচু কম দেয়ায় অর্থদণ্ড বিক্রেতাকে

0

 

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার যশোর শহরের মণিহার এলাকার ফলপট্টিতে অভিযান চালিয়ে ক্রেতাকে লিচু কম দেওয়ায় একজন বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া বাসি মুরগির গ্রিল, কাবাব ও ভাজা মাছ পুনরায় বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণের অপরাধে আর এন রোডের ক্যাফে মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে একটি টিম মণিহার এলাকার ফলপট্টিতে অভিযান চালায়। এ সময় ৫০টি লিচুর কথা বলে ৪২টি দেয়াসহ ক্রেতাকে গণনা করতে বাধা দেওয়ার অপরাধে সেখানকার ব্যবসায়ী বাবু মোল্লাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে ফলের আড়ৎদার, কমিশন এজেন্ট, খুচরা ব্যবসায়ীসহ সকলকে সঠিক পরিমাণে (সংখ্যায়) লিচু বিক্রি করার জন্য নির্দেশনা দেয়া হয়। এছাড়া আর এন রোডের ক্যাফে মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে রান্না করা খাবার, বাসি মুরগির গ্রিল, কাবাব ও ভাজি মাছ পুনরায় বিক্রির জন্য ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।