লোহাগড়ায় নকল জন্মনিবন্ধন সনদ তৈরি ভ্রাম্যমাণ আদালতে এক জনের কারাদণ্ড

0

 

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়ায় নকল জন্মনিবন্ধন সনদ তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালত রিমন স্টুডিওর মালিক মো. খসরুজ্জামান শেখ(৪০)কে ২১দিনের বিনাশ্রম কারাদ-সহ ১ হাজার টাকা অর্থদ- দিয়েছেন। গতকাল সোমবার ইতনা চৌরাস্তা বাজারে আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী। দণ্ডপ্রাপ্ত মো. খসরুজ্জামান শেখ ইতনা গ্রামের মো. আলতাফ শেখের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, এক ব্যক্তি এলাকার সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের বোকা বানিয়ে নকল জন্মনিবন্ধন সনদ তৈরি করে সরবরাহ করছেন এমন গোপন খবর পায় ভ্রাম্যমাণ আদালত। এ খবরের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ইতনা চৌরাস্তার রিমন স্টুডিওতে।
আদালতের বিচারক লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী এবং লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন এলাকার মানুষের উপস্থিতিতে ওই স্টুডিও থেকে ৫টি নকল জন্মনিবন্ধন সনদসহ স্টুডিওর মালিক মো. খসরুজ্জামান শেখকে আটক করেন। আটককৃত মো. খসরুজ্জামান শেখ আদালতের কাছে নকল জন্মনিবন্ধন সনদ তৈরির কথা স্বীকার করেন। আদালত ওই প্রতারককে ২১দিনের বিনাশ্রম কারাদ-সহ ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক দোষীকে শাস্তি প্রদান করা হয়েছে।