ছোট ভাই হত্যায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড বহাল

0

লোকসমাজ ডেস্ক॥ ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে বাগেরহাটের বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সাজা অনুমোদনের আবেদনের (ডেথ রেফারেন্স) ওপর শুনানি শেষে বুধবার (৩০ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ রায় দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি। আসামি পলাতক থাকায় তার পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বুলবুল রাবেয়া বানু। পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধে ২০০৮ সালের ১৭ মার্চ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঢেউয়াতলা গ্রামের অখিল বৈরাগীকে তার মাছের ঘেরে কাজ করার সময় কুপিয়ে হত্যা করেন বড় ভাই ভবসিদ্ধু বৈরাগী। পরদিন তাদের চাচাতো ভাই গুরুদাস বৈরাগী বাদী হয়ে ভবসিন্ধু ও তার স্ত্রী আঁখি বৈরাগীর বিরুদ্ধে মামলা করেন। এ মামলার বিচার শেষে ২০১৬ সালের ৩০ আগস্ট বাগেরহাটের জেলা আদালত ভবসিন্ধুকে মৃত্যুদণ্ড দেন। আর আঁখি বৈরাগীকে খালাস দেন। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। আজ সাজা অনুমোদনের আবেদনের শুনানি শেষে আদালত তার মৃত্যুদণ্ড বহাল রাখেন।