ধর্ষণ ও নির্যাতনের মামলায় হিরো আলম গ্রেপ্তার

0
ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন হিরো আলম।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিয়ে ও প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকা ফেরার পথে শাজাহানপুর থানার সামনে মহাসড়কে ব্যারিকেড দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৬ মে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হিরো আলমের বিরুদ্ধে মামলাটি করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। এরপর থেকেই হিরো আলম আত্মগোপনে ছিলেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, হিরো আলম ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা পালিয়ে যাচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁর পিছু নেয়। পরে শাজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় মহাসড়কে গাড়ি থামিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।