দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরের ১৩ তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার

0
যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ধর্ষক রাশেদুল ইসলাম রাব্বি।। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকার তরুণীদের কৌশলে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যমতে, গত দুই মাসে রাব্বি অন্তত ১৩ জন তরুণীকে ধর্ষণের মতো পৈশাচিক ঘটনা ঘটিয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার রাব্বি মুন্সীগঞ্জের পুরান কামারগাঁ এলাকার শাহজাহান মল্লিকের ছেলে। সম্প্রতি যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাব্বি ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে নারী কণ্ঠে কথা বলে প্রথমে এক ভুক্তভোগীর মোবাইলের নিয়ন্ত্রণ নেন। পরবর্তীতে ওই সিম ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নারী সেজেই ভুক্তভোগীর বন্ধু তালিকায় থাকা ১৮ থেকে ২০ বছর বয়সী স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের টার্গেট করতেন। গভীর বন্ধুত্ব গড়ে তোলার পর উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ে একটি নির্মীয়মাণ ভবনে নিয়ে যেতেন। সেখানে ভুক্তভোগীদের জোরপূর্বক ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করতেন। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত টাকা হাতিয়ে নিতেন তিনি।

প্রাথমিকভাবে একটি পর্নোগ্রাফি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের সময় ৫ জন ভিকটিমের ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্তে নেমে পুলিশ আরও ১০টি নতুন অভিযোগের তথ্য পায়। পুলিশের ওয়ারী বিভাগ এই চক্রের সাথে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে।