জাকির হত্যা মামলায় আরেক জাকির রিমান্ডে

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকার নবাবগঞ্জের মোটরসাইকেল চালক জাকির (৪৫) হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১২ মার্চ) জাকিরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার মধ্যরাতে নিজ বাসা থেকে জাকিরকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২০২০ সালের ২ অক্টোবর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরসৈল্যা এলাকার মোটরসাইকেল চালক মো. জাকিরকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। জাকির ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। পরিবারের দাবি, তাকে ফোনে ডেকে নিয়ে জাকির হোসেনের নেতৃত্বে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোকসেদা বেগম নবাবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় উপজেলার পুরান তুইতালের শফিক (৪০) ও আফজাল নগরের মো. জাকির হোসেনসহ (৪২) অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়।