যশোরে রাতে টহলে নামলো যৌথ বাহিনী

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং র‌্যাবের সমন্বয়ে একটি দল সোমবার সন্ধ্যা থেকে শহর ও শহরতলীর বেশ কয়েকটি এলাকা টহল দিয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এবং অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল আহসান হাবীবের নেতৃত্বে সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্তত ২০টি গাড়ির এই বহর বের হয়।

দলটি প্রথমে পুরাতন কসবার কাজীপাড়া ও কাঁঠারতলা এলাকায় যায়। এরপর পর্যায়ক্রমে উপশহর, মণিহার এলাকা, মুড়লি, শংকরপুর বাসস্ট্যান্ড, চাঁচড়া চেকপোস্ট এবং ধর্মতলা এলাকা প্রদক্ষিণ করে।

ওই বহরে থাকা পুলিশের চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মামুন উর রশিদ জানান, চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থানকালে অন্তত অর্ধশত বিভিন্ন প্রকার যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে।