২৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ একে একে কেটে গেছে দীর্ঘ ২৪টি বছর। বরাবর ২টি যুগ। এর মধ্যে কত ক্রিকেটার এলেন, গেলেন। কতজনের ক্যারিয়ার শুরু হয়ে শেষ হয়ে গেছে এর মধ্যে। অবশেষে ২ যুগের বিরতির সমাপ্তি ঘটতে যাচ্ছে শুক্রবার। রাওয়ালপিন্ডিতে বাবর আজমদের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। শুক্রবার শুরু হচ্ছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বহু আকাঙ্খিত টেস্ট সিরিজ। সিরিজটির নাম রাখা হলো দুই দেশের দুই কিংবদন্তি ক্রিকেটারের নামে। অস্ট্রেলিয়ার রিচি বেনো এবং পাকিস্তানের আবদুল কাদিরের নামানুসারে এই ট্রফির নাম রাখা হয়েছে বেনো-কাদির ট্রফি। বুধবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এই ট্রফিটি উন্মোচন করা হয়। উম্মোচন করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শেষবার ১৯৯৮ সালে পাকিস্তানে এসেছিল অস্ট্রেলিয়া। মার্ক টেলরের দল সেবার সিরিজ জিতেছিল ১-০ ব্যবধানে। ১৯৫৬ সালে পাকিস্তানের মাটিতে খেলা অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট দলে ছিলেন রিচি বেনো। এশিয়ার কোনও দেশে সেটাই ছিল অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। দ্বিতীয় ইনিংসে অর্ধশত রান করেছিলেন বেনো। করাচির দর্শকের সামনে সেই টেস্ট হেরে যায় অস্ট্রেলিয়া। ১৯৫৯ সালে রিচি বেনো দলের অধিনায়ক হন। অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে সুনাম অর্জন করেছিলেন বেনো। ২০১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।