খুলনা মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে এক ভ্যানচালক নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলায় পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক ভ্যানচালক শরিফুল ইসলাম (২৬) ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহত শরিফুল ইসলাম সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের আবু বক্করের পুত্র। প্রত্যক্ষদর্শী জামালউদ্দিন জানিয়েছেন, কাল বেলা আড়াইটার দিকে শরিফুল ইসলাম চার্জার ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা ঘুণী রাস্তার মোড়ে পৌঁছুলে নওয়াপাড়া থেকে পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-১৩-৪৭৫০) যশোর শহর অভিমুখে আসার পথে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানটি ভেঙে যায় এবং চালক শরিফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। হাইওয়ে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘাতক ট্রাকটি আটক করে এবং লাশ উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তায় সাইবাড়িয়া গ্রামে চার্জার ভ্যানের আঘাতে রাব্বী হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। রাব্বী হোসেন বাঘারপাড়ার করিমপুরের মৃত কবির হোসেনের পুত্র এবং করিমপুর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র। রাব্বী হোসেন জানিয়েছেন, ইজিবাইকযোগে সে গতকাল বিকেলে বাড়ি ফিরছিল। পথে সাইবাড়িয়া গ্রামে একটি ভ্যান মোড় ঘোরার সময় তার পায়ে আঘাত করে। এতে তার পা ভেঙে যায়। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় অর্থো সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্ণ চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় স্থানান্তর করেন। বিশেষজ্ঞ কোন অর্থোপেডিক চিকিৎসক রাব্বী হোসেনকে চিকিৎসা দিতে হাসপাতালে যাননি। রাব্বী রেফার্ড করা চিকিৎসকের পরিচয় জানতে চাইলে তিনি নাম জানাতে অস্বীকার করে বলেন, আমরা কোন রোগী অন্যত্র রেফার্ড করি না। মোবাইল ফোনে বড় স্যারদের নির্দেশ মতো রোগী রেফার্ড করা হয়।