রুপসায় ভোটকেন্দ্রে অস্ত্রসহ আটক ১

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনায় ভোটকেন্দ্র থেকে দেশীয় অস্ত্রসহ শামীম ফকির (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি এলাকার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ। আটক শামীম ফকির ৫ নম্বর ঘাটভোগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী আসাদুল ফকিরের ছেলে। রূপসার থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, ধারালো চাপাতি ও একটি হাতুড়িসহ আসাদুল ফকিরের ছেলে শামীম ফকিরকে আটক করা হয়েছে। এছাড়া শান্তিপূর্ণভাবে ঘাটভোগ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, রোববার তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনা জেলার রূপসা ও তেরখাদা উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ হয়। ইউনিয়নগুলো হলো- রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন ও তেরখাদা উপজেলার মধুপুর, আজগড়া, সাচিয়াদাহ, ছাগলাদাহ, তেরখাদা সদর ও বারাসাত ইউনিয়ন।