জমি নিয়ে দ্বন্দ্বে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখের ছেলের মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জমি নিয়ে দ্বন্দ্বে চাঁদা দাবির অভিযোগে বৃহস্পতিবার ৭ জনকে আসামি করে আদালতে মামলা করেছেন বীরশ্রেষ্ঠ মরহুম নুর মোহম্মদ শেখের ছেলে এসএম গোলাম মোস্তফা কামাল। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের গোলাম বিশ্বাসের পাঁচ ছেলে সামছুর রহমান, মুনসুর আলী, মঞ্জুর হোসেন, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, সামছুর রহমানের ছেলে সোহান ও ইকবল হোসেনের ছেলে রাজু।
মামলার বিবরণে জানা গেছে, এসএম গোলাম মোস্তফা কামাল গত ৭ জুন চাউলিয়া মৌজায় জনৈকা ফুলজান বিবির কাছ থেকে তিন দাগের ২৬ শতক, ১৩ জুন বাঘারপাড়ার মির্জাপুর গ্রামের ময়না বেগমের কাছ থেকে তিন দাগে ১৩ শতক জমি ক্রয় করেন এবং সীমানা নির্ধারণ ও সাইনবোর্ড টাঙিয়ে রেখে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। গত ১৫ নভেম্বর আসামিরা ১৫/২০ জন সন্ত্রাসী নিয়ে তার জমিতে যান এবং সীমানা খুঁটি ও সাইবোর্ড উঠিয়ে ভেঙে ফেলেন। এ সংবাদ পেয়ে পরদিন এসএম গোলাম মোস্তফা কামাল লোকজন নিয়ে সেখানে গেলে আসামিরা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে আসামিরা তাদের মারধর করেন। এছাড়া আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবিও করেন। তারা তাকে হুমকি দিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে। ফলে কোনো উপায় না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।