বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ, বললেন লিটন

0
টি–টুয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনে ল্যাথাম ও লিটন ।। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার অস্বস্তি ও আক্ষেপ কাটিয়ে বাংলাদেশ দল এখন সামনের দিকে তাকাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক লিটন দাস। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিটন জানান, দল মানসিকভাবে ওই পরিস্থিতি থেকে ‘মুভ অন’ করেছে। বিশ্বকাপের পর এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত গত বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করতে না পারলেও লিটন দাসের কাঁধেই আরও দুই বছরের জন্য অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে বোর্ড। আগামী ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। লিটন বলেন, “বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্ট খেলেছি, সেখানে খেলোয়াড়েরা ভালো করার চেষ্টা করেছে। আমাদের মূল লক্ষ্য এখন ২০২৮ বিশ্বকাপ। যেহেতু সেটি এশিয়ায় হবে না, তাই কন্ডিশন মাথায় রেখে আমরা ওভাবেই চিন্তাভাবনা করছি।”

নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে রাখা হয়নি। তাদের অনুপস্থিতিতে স্কোয়াডে সুযোগ পেয়েছেন দুই তরুণ আব্দুল গাফফার ও রিপন মন্ডল। অভিজ্ঞদের বিশ্রামের বিষয়ে অধিনায়ক জানান, অতিরিক্ত ক্রিকেট খেলে চোটের ঝুঁকি এড়াতে এবং ভবিষ্যতের ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের কথা মাথায় রেখেই কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি ম্যাচকে আন্তর্জাতিক গুরুত্ব দিয়ে এবং জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেন লিটন দাস।