হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন

0
ট্রাম্পের নৈশভোজে হামলার চেষ্টা; অস্ত্রসহ ক্যালিফোর্নিয়ার এক শিক্ষক গ্রেফতার।। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলার চেষ্টার ঘটনায় কোল টমাস অ্যালেন (৩১) নামের এক শিক্ষককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা কোল টমাস হোটেলের অতিথি সেজে আগ থেকেই ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার পরপরই তাকে আটক করা হয়। মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, আটকের সময় সন্দেহভাজন অ্যালেন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন সিক্রেট সার্ভিস সদস্য গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে প্রাণে বেঁচে যান। হামলাকারীর কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সিএনএনের সাংবাদিক উলফ ব্লিটজার জানান, হামলাকারী প্রায় ছয় রাউন্ড গুলি ছুড়েছিলেন। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ সময় মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলাসহ একাধিক ফেডারেল অপরাধে অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাকারীকে ‘অসুস্থ’ হিসেবে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন যে এই ধরনের সন্ত্রাসের কাছে তিনি নতি স্বীকার করবেন না।