মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

0
বরেণ্য আলোকচিত্রী রঘু রাই; একাত্তরের রণাঙ্গনের দুঃসাহসিক সব ছবি ধারণ করে যিনি বিশ্বজুড়ে সমাদৃত।। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাক্ষী, ভারতের প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর ছেলে নীতিন রাই জানিয়েছেন, দুই বছর ধরে প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন বরেণ্য এই শিল্পী। সম্প্রতি ক্যানসার মস্তিষ্কে ছড়িয়ে পড়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

মুক্তিযুদ্ধের শরণার্থী। আলোকচিত্র: রঘু রাই ।।ছবি: সংগৃৃহীত

রঘু রাই ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই সব প্রথম সারির বিদেশি আলোকচিত্রীদের একজন, যাঁদের ক্যামেরায় বন্দি হয়েছিল একাত্তরের অবর্ণনীয় কষ্ট ও বিজয়ের গৌরব। ১৯৭১ সালে ভারতের ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার প্রধান আলোকচিত্রী থাকাকালীন তিনি ভারতের শরণার্থী শিবিরের উদ্বাস্তুদের জীবনযাত্রা এবং ব্যক্তিগত জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ লড়াইয়ের দৃশ্য ধারণ করেন। তাঁর তোলা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি আজও মুক্তিযুদ্ধের এক অমূল্য দলিল হিসেবে গণ্য হয়।

একাত্তরের রণাঙ্গন থেকে শুরু করে মাদার তেরেসা, ইন্দিরা গান্ধী ও সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্বদের লেন্সবন্দি করা এই জাদুকর ১৯৭২ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ লাভ করেন। টাইম, দ্য নিউইয়র্ক টাইমস ও লাইফ-এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর কাজ প্রকাশিত হয়েছে। আজ বিকেল চারটায় নয়াদিল্লিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। রঘু রাইয়ের প্রয়াণে আলোকচিত্র জগতের একটি বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটল।