বেনাপোল বন্দরে পণ্য লোড আনলোড ও খালাস বন্ধ

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা॥ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান ধর্মঘটের তৃতীয় দিনে গতকাল রোববারও বেনাপোল বন্দর থেকে কোনো ধরনের পণ্য লোড আনলোড ও খালাস হয়নি। অভিযোগ রয়েছে ট্রাক ও পরিবহন শ্রমিকরা বন্দরের আশে-পাশে অবস্থান করে পণ্য খালাস কার্যক্রম বাধা দিচ্ছে। বন্দরের অভ্যস্তরে কোনো ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রেইলর প্রবেশ করতে দেয়া হয়নি।
জানা গেছে, গত বুধবার মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ ঘটনায় শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়। জ্বালানি তেলের বর্ধিত দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান পরিবহন নেতারা। এদিকে ধর্মঘটের কারণে বন্দর থেকে কাঁচামাল ডেলিভারি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। দ্রুত এ সমস্যার সমাধান না হলে সংকটের আশঙ্কা করছেন বন্দর সংশ্লিষ্টরা।
বন্দরের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ধর্মঘটে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য স্বাভাবিক রয়েছে। তবে বন্দর থেকে কোনো মালামাল খালাস হয়নি। ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ যানজট ও পণ্যজট। বেনাপোল আমাদনি রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, পণ্যপরিবহন বন্ধ থাকার কারণে দেশের আমদানি-রফতানি বানিজ্য ব্যাহত হচ্ছে। বন্দরে শতশত ভারতীয় পণ্যবোঝাই ট্রাক আটকে আছে। এতে করে পণ্য পরিবহন ব্যয়ও বাড়ছে। সবমিলিয়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যার প্রভাব পড়বে জনগণের ওপর। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, পরিবহন ধর্মঘটে বন্দর থেকে কোনো ধরনের পণ্য খালাস হয়নি। রাজস্ব আদায়ে বড় ধরনের প্রভাব পড়েছে।