প্রাচ্যসংঘ যশোরের সভা : ২৬ নভেম্বর নির্বাচন: পৃথিবীর সৃষ্টি থেকে মানব সভ্যতার ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা

0

স্টাফ রিপোর্টার ॥ বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্র প্রাচ্যসংঘ যশোরের এক বিশেষ সভা গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সংঘের ১৩৭ জন সদস্যের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। প্রাচ্য একাদেমী হলরুমে অনুষ্ঠিত এই বিশেষ সভায় মূল আলোচক ছিলেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক বেনজীন খান। উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘ যশোরের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ পলাশ, সাবেক সহসভাপতি মাহামুদুল করিম মামুন ও খবির উদ্দিন সুইট, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ জামান, নাট্যসংঘের পরিচালক অরুণ মজুমদার, সাহিত্যসংঘের পরিচালক সেলিম রেজা সেলিম, ফিল্ম সংঘের পরিচালক তাপস কুমার বিশ্বাস, প্রাচ্যসংঘের সিনিয়র সদস্য বিশিষ্ট কবি কাসেদুজ্জামান সেলিম, ফরিদা বারী পরাগ, কবি খসরু পারভেজ, প্রেস ক্লাব যশোরের সহসভাপতি সাংবাদিক নূর ইসলাম, সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম সজল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও দৈনিক গ্রামের কাগজের চিফ রিপোর্টার এম আইউব, প্রতিষ্ঠাতা সদস্য মুনীর আহমেদ সিদ্দীকী বাচ্চু, আকছাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ। বেলা ১২টায় সভার শুরুতে প্রাচ্যসংঘের সদস্যরা পরস্পরের মধ্যে আনুষ্ঠানিক পরিচয়পর্বের মাধ্যমে নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন। এর ফাঁকে ফাঁকে বিগত দিনে প্রাচ্যসংঘের আয়োজনে যে সকল অনুষ্ঠানাদি হয়েছে সে সব সম্পর্কে সদস্যদের সম্যক ধারণা প্রদান করা হয় ভিডিও ডক্যুমেন্টেশানের মাধ্যমে। জুমার নামাজের বিরতি দিয়ে মধ্যাহ্নভোজের পর পরই শুরু হয় জ্ঞানচর্চাভিত্তিক আলোচনা অনুষ্ঠান।
প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা লেখক গবেষক ও সাংবাদিক বেনজীন খান তার আলোচনার শুরুতে প্রাচ্যসংঘ কী, কী তার লক্ষ্য ও উদ্দেশ্য, এই প্রতিষ্ঠানের ভবিষ্যত পরিকল্পনা কী ইত্যাদি বিষয়ে সদস্যদের অবহিত করেন। এরপর পৃথিবীর সৃষ্টি থেকে মানব সভ্যতার ক্রমবিকাশ সম্পর্কে নাতীদীর্ঘ বক্তৃতা করেন বেনজীন খান। এসময় তিনি ধর্ম ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ভিত্তিক গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। একই সাথে সৃষ্টির রহস্য উদঘাটন সম্পর্কিত একটি ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বিজ্ঞানের নানা তথ্য তুলে ধরেন। এসময় তিনি বিজ্ঞানভিত্তিক ধর্ম চর্চার মাধ্যমে সৃষ্টির সেরা জীব মানুষের জ্ঞানচর্চার ওপর আলোকপাত করেন এবং সকল মানুষকে ধর্ম দিয়ে নয়, তার কর্ম দিয়ে বিচার বিশ্লেষণ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। শেষ পর্বে বেনজীন খান ঘোষণা দেন আগামী ২৬ নভেম্বর প্রাচ্যসংঘ যশোরের পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি সার্বিক বিষয়টি দেখভাল করবে। তবে এই নির্বাচনে ২১টি পদে কেবলমাত্র পুরাতন সদস্যরাই প্রার্থী হতে পারবেন। কোনো নতুন সদস্য নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না। তবে নির্বাচনে পুরাতন নতুন মিলে ১৩৬ জন সদস্য সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।