কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কামালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবার দোষিকে তদন্ত সাপেক্ষে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কামালহাট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশে বসবাসরত মৃত সামছুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনো (৫০) নামের এক লম্পট প্রায়ই স্কুলের শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণ, কুরুচিপূর্ণ কথাবার্তা ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয় নিয়ে ইতিপূর্বে স্কুলের শিক্ষকরা একাধিকবার তাকে সতর্ক করলেও সে ক্ষান্ত হয়নি। গত শনিবার ৪ র্থ শ্রেণির এক শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। এবং পাশের পানের বরজের ভিতরে নেয়ার চেষ্টা করে। সে সময় অন্য দুই শিক্ষার্থী দেখে ফেলায় তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে স্কুলের প্রধান শিক্ষক অনিল কুমার ভদ্রের কাছে শিক্ষার্থীরা ঘটনাটি জানায়। এ ব্যাপারে কামালহাট গ্রামের সুমন নামের এক ব্যক্তি জানান, ইতিপূর্বে সে স্কুলের শিক্ষার্থী ছাড়াও এ ধরনের ঘটনা অনেকবার ঘটিয়েছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার কারণে তার বিরুদ্ধে কেউ সঠিক বিচার করতে পারে না। এ ব্যাপারে আনোয়ার হোসেন ওরফে আনোর বাড়িতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার স্ত্রী বলেন, তার স্বামীর বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এ ব্যাপারে কামালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার ভদ্র বলেন, ’এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। প্রত্যেকটি শিক্ষার্থীর আলাদা আলাদা অভিযোগ রেকর্ড করা হয়েছে। আমি বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাছাড়াও স্কুলের ম্যানিজিং কমিটি ও শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়া প্রক্রিয়াধীন রয়েছে’।





